বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
প্রথম অভিষেক •

তৌসিফ-নীহার নতুন জুটি, আসছে "ছুঁয়ে দিলাম তোমায়"


নবাগত নীহা চৌধুরীকে সঙ্গে নিয়ে নতুন নাটক "ছুঁয়ে দিলাম তোমায়" এ জুটি বেঁধেছেন তৌসিফ মাহবুব। প্রথম একক নাটকেই তৌসিফের সহশিল্পী হতে পেরে উচ্ছ্বসিত নীহা। মডেলিংয়ের পাশাপাশি অভিনয়ে নিয়মিত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি। নাটকটি আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার কথা রয়েছে।

৭ অক্টোবর ২০২৬, ৩:১৪ অপরাহ্ণ 

তৌসিফ-নীহার নতুন জুটি, আসছে "ছুঁয়ে দিলাম তোমায়"
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবকে নিয়মিতই দেখা যাচ্ছে পরিচিত অভিনয় শিল্পীদের পাশাপাশি নতুন মুখের সঙ্গেও কাজ করতে। সেই ধারাবাহিকতায় এবার নবাগত অভিনেত্রী নীহা চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। তাদের অভিনীত একক নাটক "ছুঁয়ে দিলাম তোমায়" এর শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।

বসুন্ধরা হাউজিং নিবেদিত নাটকটি নির্মাণ করেছে ক্যাপিটাল ড্রামা। প্রথম একক নাটকেই তৌসিফ মাহবুবের মতো জনপ্রিয় অভিনেতার সঙ্গে অভিনয়ের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নীহা।

অভিনয় প্রসঙ্গে নীহা জানান, মডেলিংয়ের কারণে ক্যামেরার সামনে দাঁড়ানোর অভিজ্ঞতা থাকলেও নাটকে অভিনয় তার জন্য নতুন। প্রথম দিকে কিছুটা নার্ভাস থাকলেও তৌসিফসহ পুরো টিমের সহযোগিতায় শেষ পর্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গে কাজটি শেষ করতে পেরেছেন তিনি।

তৌসিফের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে নীহার উচ্ছ্বাসও বেশ স্পষ্ট। তার ভাষ্য, যাকে পর্দায় দেখে বড় হয়েছেন, প্রথম নাটকেই সেই অভিনেতাকে সহশিল্পী হিসেবে পাওয়া ছিল একই সঙ্গে আনন্দের ও কিছুটা চাপের। তবে কাজ করতে গিয়ে তৌসিফের সহযোগিতাপূর্ণ আচরণ তার সেই অস্বস্তি অনেকটাই কাটিয়ে দেয়।

নীহা জানান, তৌসিফ শুধু সংলাপ বা দৃশ্য বুঝিয়ে দেওয়ার ক্ষেত্রেই সহযোগিতা করেননি, বরং কীভাবে অভিনয় করলে দৃশ্যটি আরও ভালো হবে, সেসব বিষয়ও বুঝিয়ে দিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই কাজের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছেন তিনি। ভবিষ্যতেও সুযোগ পেলে তৌসিফের সঙ্গে আবার কাজ করতে চান এই নবাগত অভিনেত্রী।

অভিনয়ের পাশাপাশি নীহার শোবিজ যাত্রা শুরু হয়েছিল মডেলিং দিয়ে। প্রায় আড়াই বছর ধরে এ মাধ্যমে কাজ করছেন তিনি। ২০২৪ সালের শুরুতে মডেলিংয়ে পা রাখার পর ইতোমধ্যে শতাধিক ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিতি রয়েছে তার।

অভিনয়কে আরও গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে প্রাচ্যনাট্যে ছয় মাসের একটি কোর্সও সম্পন্ন করেছেন নীহা। এর আগে বিটিভির একটি ধারাবাহিক নাটকেও অভিনয় করেছেন তিনি। তবে একক নাটক হিসেবে "ছুঁয়ে দিলাম তোমায়" তার জন্য বিশেষ একটি কাজ।

নতুনদের সঙ্গে কাজ করার বিষয়ে তৌসিফ মাহবুব বলেন, একটা সময় তিনিও নতুন ছিলেন। তখন সুযোগ পাওয়ার কারণেই আজকের অবস্থানে আসতে পেরেছেন। তাই নতুন শিল্পীদের সুযোগ দেওয়ার বিষয়টিকে তিনি গুরুত্ব দেন। নীহার অভিনয় প্রসঙ্গে তার মন্তব্য, মডেলিংয়ের অভিজ্ঞতা থাকায় ক্যামেরার সামনে কাজ করার ক্ষেত্রে নীহার কিছুটা সুবিধা রয়েছে। মনোযোগ ধরে রেখে কাজ করতে পারলে তার মধ্যে ভালো করার সম্ভাবনা আছে বলেও মনে করেন তিনি।

গোপালগঞ্জে জন্ম নেওয়া নীহা বেড়ে উঠেছেন ঢাকায়। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি।

তৌসিফ-নীহা জুটির "ছুঁয়ে দিলাম তোমায়" নাটকটি আগামী ৯ অক্টোবর ক্যাপিটাল ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাওয়ার কথা রয়েছে। নতুন এই জুটিকে দর্শক কীভাবে গ্রহণ করেন, এখন সেটিই দেখার অপেক্ষা।